সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনার কার্যালয়ে আগুন, পুড়ল গাড়ী ও নথিপত্র
প্রকাশিত: ১৫/১১/২০২৬ ০৭:১৮:৫৯ অপরাহ্ন
সিলেট নগরীর শাহজালাল উপশহরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটা থেকে ভোর চারটার মধ্যে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের নিচতলায় থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং একজন কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্রামীণ ব্যাংকের সিলেট জোনাল কার্যালয়ের জোনাল অফিসার মো. আবুল হোসেন জানান, উপশহরের এইচ ব্লকের ১ নম্বর রোডে অবস্থিত কার্যালয়টিতে ভোররাতে আগুন লাগে। কার্যালয়ের পাহারাদার ফোন করে আগুন লাগার খবর দিলে তিনি আরও তিনজনকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে যান।
ক্ষয়ক্ষতির বিষয়ে আবুল হোসেন বলেন, আগুনে তাঁর ব্যবহৃত গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইঞ্জিন কভার সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। এ ছাড়া অফিসের নিচতলায় রাখা কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কেএন



