প্রকাশিত

১৬/১১/২০২৬ ১২:৪৮:৩২ পূর্বাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ১২:৪৮:৩২ পূর্বাহ্ন

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত

তিন দফা দাবিতে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) ভোর ছয়টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের কার্যালয়ে এক জরুরি সভায় সকল দাবি-দাওয়া মেনে নেওয়া শর্তে পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত করা হয়। 

রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান,  সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ আগামীকাল সোমবার কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম বলেন, আমরা আপাতত কর্মবিরতি স্থগিত করলাম। আমি অনুরোধ করব, সর্বস্তরের পরিবহনকে সবসময় যেমন টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের মানুষের সেবা দিয়ে আসছে, সেই সেবাদান অব্যাহত রাখবেন। আমরা চাই না সরকারের কোনো ক্ষতি হোক, এদেশের মানুষকে জিম্মি করতেও আমরা চাই না। এদেশের মানুষকে নিয়েই আমাদের পথচলা, সরকারকে নিয়েই আমাদের পথচলা। সরকার এগিয়ে যাক, সরকারের সহযোগিতায় আমরা সর্বক্ষণ আছি।   

এর আগে, এ কর্মসূচি নিয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পক্ষ কর্মবিরতি সফল করতে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করে এতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে পরিবহন মালিক সমিতির এক নেতাও কর্মসূচিটিকে অযৌক্তিক বলে মন্তব্য করেন।

শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে ছিল- কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধ করা। একই সঙ্গে নগর থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর দেওয়ার দাবিও জানানো হয়েছে।

কে ইউ এন

Advertisement
Advertisement
Advertisement