মাকে গলা কেটে হত্যা, ১৯ বছর পর র্যাবের জালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে
প্রকাশিত: ১৭/১১/২০২৫ ১২:৩১:১৯ অপরাহ্ন
ছবি: ।
মা’কে গলা কেটে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজল মিয়াকে ১৯ বছর পর গ্রেপ্তার করেছেন র্যাব-৯।
রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতার ফজল মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের আশ্বব আলীর ছেলে।
র্যাব জানায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করেন তার ছেলে ফজল মিয়া। হত্যাকাণ্ডের পর তিনি ঘরের ভেতরে মায়ের দেহ ও বাইরে মাথা রেখে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে আদালত মামলার রায়ে ফজল মিয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ফজলকে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
শুভ প্রতিদিন/এমকে