প্রকাশিত

১৭/১১/২০২৫ ০৯:৪৭:৫৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১০ নৌকা ও সেইভ মেশিন জব্দ করলো বিজিবি

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০৯:৪৭:৫৯ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) যাদুকাটা-১ বালুমহালের ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি নৌকা এবং একটি সেইভ মেশিন জব্দ করেছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে বিজিবির কঠোর অবস্থানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়

​সোমবার (১৭ নভেম্বর), সকাল আনুমানিক ১০টার দিকে এই অভিযান চালানো হয়। লাউরগড় বিওপির জেসিও-৯০২৫ সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে বিজিবির একটি টহল দল যাদুকাটা নদী এলাকায় নিয়মিত টহলে যায়। টহল দলটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ইজারা-বহির্ভূত স্থানে একটি সেইভ মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।
​অভিযানকালে আনুমানিক ২০ ঘনফুট বালু এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি সেইভ মেশিন জব্দ করা হয়। এর পাশাপাশি মোট ১০টি নৌকা আটক করে বিজিবি, যার মধ্যে রয়েছে​ ইঞ্জিনচালিত কাঠবডি নৌকা: ৬টি, ​ইঞ্জিনযুক্ত কাঠবডি নৌকা: ৩টি, বারকী নৌকা: ১টি।
​আটককৃত নৌকা, বালু ও যন্ত্রপাতি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং এগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
​সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি লাউরগড় বিওপির সদস্যরা দিন-রাত টহল জোরদার রেখেছে। পরিবেশ ও সরকারের রাজস্ব রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে তারা কঠোর ও আপসহীন অবস্থানে রয়েছে।


এমকে