ছবি: ।
বিপিএলের অবস্থা যেন পুরোপুরি হযবরল। দীর্ঘ ৭ বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন হলো দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর বিপিএল শুরুর আগেই দেখা গেছে নজিরবিহীন অগোছালো চিত্র।
বিপিএল শুরুর আগে হয়নি ট্রফি উন্মোচন, হয়নি অধিনায়কদের নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন। এমনকি এখনো দেশে আসেনি বিপিএলের ট্রফিই। বিপিএল শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা না থাকলেও পরবর্তী সীমিত পরিসরে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে এমন হযবরল পরিস্থিতি আগে কখনো দেখেননি ক্রিকেট অঙ্গনের কেউ।
অব্যবস্থাপনার এখানেই শেষ নয়। লীগ শুরুর আগের দিনই একটি দলের মালিকপক্ষ জানিয়ে দেয়, তারা ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারবে না। ফলে দলটির মালিকানা থেকে সরে দাঁড়ায় তারা। অন্যদিকে আরেকটি দলের অনুশীলনে পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট না দেওয়ার অভিযোগে প্রধান কোচ ও সহকারী কোচ ক্ষোভ প্রকাশ করে অনুশীলন ছেড়ে চলে যান।
দীর্ঘ ৭ বছর পর সিলেট দিয়ে বিপিএল শুরু হলেও ছিল না চোখে পড়ার মতো কোনো প্রচার-প্রচারনা। তবুও দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। উদ্বোধনী দিনের সব টিকিটই আগেই সল্ড আউট হয়ে যায়।
এদিকে ক্রিকেট অনুসারীদের অনেকেই মজা করে বিপিএলকে ডাকছেন ‘বিনোদন প্রিমিয়ার লিগ’। বছরের পর বছর ধরে চলা বিতর্ক ও অব্যবস্থাপনার ধারাবাহিকতায় এই নাম যেন এবার আরও পোক্ত হলো।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী দিনে মাঠে নামে চারটি নতুন ফ্র্যাঞ্চাইজি। প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচে ৮ উইকেটের জয় পায় রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হওয়ার কথা নোয়াখালী এক্সপ্রেসের।
এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন বলেন, প্রায় ২৫ হাজার ডলার মূল্যের নতুন ট্রফি খুব শিগগিরই বাংলাদেশে আসবে।
তিনি জানান, একটি ট্রফি এসেছিল, তবে সেটি পছন্দ না হওয়ায় উন্মোচন করা যায়নি, ফেরৎ পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে বিপিএল চলাকালীন সময়ই নতুন ট্রফি দেশে আসবে।
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা প্রসঙ্গে তিনি বলেন, তারা দায়িত্ব নিতে পারবে না বলে চিঠি পাওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। চট্টগ্রাম দলের দায়িত্ব আপাতত বিসিবি নিয়েছে। এ বিষয়ে বিসিবির লিগ্যাল কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এরই মধ্যে নাফিস ইকবালকে ম্যানেজার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলটির মালিকানা গ্রহণ করেছে। মালিকপক্ষের দেওয়া চিঠি বিসিবির লিগ্যাল টিমের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রচার-প্রচারণার ঘাটতি নিয়ে প্রশ্ন করা হলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, বিপিএল আয়োজনের জন্য খুব বেশি সময় পাওয়া যায়নি, তাই কিছু জায়গায় ঘাটতি থেকে গেছে। তবে এর প্রভাব খেলায় পড়বে না।
তিনি বলেন, আজ গ্যালারিতে দর্শক দেখলেই বোঝা যায়, বিপিএলের প্রতি মানুষের আগ্রহ কমেনি।
শুভ প্রতিদিন/এমকে