লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি তারেক, সাধারণ সম্পাদক আকরাম
প্রকাশিত: ২৬/০১/২০২৬ ০৭:৪২:১৫ অপরাহ্ন
ছবি: ।
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে তারেক চৌধুরী ১৬৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে আকরামুল হোসেন ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। ট্রেজারার পদে মোঃ আব্দুল হান্নান সর্বোচ্চ ১৯৮ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তারেক–আকরাম–শাহনাজ প্যানেল থেকে ৮ জন এবং সাঈম–সালেহ–হান্নান প্যানেল থেকে ৬ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে আহাদ চৌধুরী বাবু নির্বাচিত হন। ২৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস ভেন্যুতে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৩৩৫ জন ভোটারের মধ্যে ৩২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতকরা প্রায় ৯৭ ভাগ।
নব নির্বাচিত নেতৃবৃন্দ
নির্বাচনের আগে একই দিনে ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের জীবনসদস্যদের সংবর্ধনা, লন্ডন বাংলা প্রেস ক্লাব মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বে কণ্ঠশিল্পী আলাউর রহমান ও লাবনী বড়ুয়াসহ লন্ডনের বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করেন। পাশাপাশি কয়েকজন কবি কবিতা পাঠ করেন এবং একজন সাংবাদিক পুঁথি পাঠ উপস্থাপন করেন।
দ্বিবার্ষিক সাধারণ সভা
দ্বিবার্ষিক সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদ্যবিদায়ী সভাপতি মুহাম্মদ জুবায়ের। তিনি তার দায়িত্বকালে ক্লাবের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, প্রতিশ্রুতি দেওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই প্রতিশ্রুতিতে অটল থাকা আরও কঠিন—যার জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা অপরিহার্য। বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ক্লাবে অন্তর্ভুক্ত ৬৫ জন নতুন সদস্যকে অভিনন্দন জানান।
সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন তাইসির মাহমুদ। তিনি বলেন, গত দুই বছরে মর্যাদার সঙ্গে ক্লাবকে কমিউনিটির সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনলাইনে সদস্য আবেদন প্রক্রিয়া চালু করা এবং দেশব্যাপী ২০টি মিডিয়া অ্যাওয়ার্ড প্রবর্তনকে তিনি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরেন।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুহাম্মদ জুবায়ের ও তাইসির মাহমুদ। সভার শেষ পর্যায়ে প্রখ্যাত সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন উপলক্ষে ইম্প্রেশন ইভেন্টস ভেন্যু কার্যত সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শতাধিক সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।
শুভ প্রতিদিন/এমকে