ভাইরাল চ্যাটকে ঘিরে উত্তেজনা
শাবিপ্রবি ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ, ভাইরাল চ্যাটকে ঘিরে উত্তেজনা
প্রকাশিত: ০২/০৮/২০২৬ ০৬:০৯:০০ অপরাহ্ন
ছবি: ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসবাহুল রহমান জাহিদ পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, সংগঠনে অনেক ভালো সদস্য থাকলেও কিছু সদস্য গালিগালাজ করেন, বেয়াদবি করেন এবং সিনিয়রদের সম্মান করেন না। তাদের সংশোধনের সুযোগ দেওয়া হলেও পরিবর্তন না হওয়ায় সংগঠনের স্বার্থে এ ধরনের সদস্যদের ছাঁটাই করার পরামর্শ দেন। এদিকে, ছাত্রশক্তির এক নেতার কথিত মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শাবিপ্রবি ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বক্তারা অভিযুক্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর ব্যবস্থা ও আজীবন বহিষ্কারের দাবি জানান। ভাইরাল স্ক্রিনশটগুলোতে শাবিপ্রবির কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রশক্তির তৎকালীন যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লার নামে আপত্তিকর ও অশ্লীল কথোপকথনের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে সমালোচনার মুখে ছাত্রশক্তি সাজিদ আহমেদ মোল্লাকে সংগঠনের যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেয়। উল্লেখ্য, বিক্ষোভে বক্তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ ও মন্তব্য করেছেন।
এইচ বি বা