প্রকাশিত

০৭/১০/২০২৬ ০৫:৪৪:২২ অপরাহ্ন

শিক্ষাঙ্গন

বাংলাদেশ ছাত্রশিবির শাবিপ্রবি শাখা

শাবিপ্রবিতে ৫ দফা দাবী বাস্তবায়নে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৫:৪৪:২২ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ, আবাসিক হলগুলোতে নিয়মমাফিক সিট বণ্টন নিশ্চিতকরণ, ক্যাম্পাস কেন্দ্রিক নানা সমস্যা নিরসন এবং ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’ (শাকসু) বাস্তবায়নের দাবিতে ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।

আজ বুধবার (৭ই অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে এসব দাবি উত্থাপন করেন।

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে হলের সিট বরাদ্দ প্রক্রিয়ায় কোনো প্রকার পক্ষপাতিত্ব কাম্য নয়। প্রচলিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে যোগ্যতার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দ সুনিশ্চিত করার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রধান দাবিগুলো: ১. প্রশাসনের সকল স্তরে পক্ষপাতহীন আচরণ বজায় রাখা। ২. বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা অনুযায়ী আবাসিক হলগুলোতে মেধার ভিত্তিতে নিয়মিত সিট বণ্টন করা। ৩. দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে দ্রুত ‘শাকসু’ (SUSTCSU) নির্বাচন ও ছাত্র সংসদ কার্যকর করা। ৪. ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের সাধারণ আবাসন ও নিরাপত্তা ঝুঁকি নিরসন করা। ৫. সাধারণ শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ণকারী সকল প্রশাসনিক অনিয়মের দ্রুত সমাধান করা।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সভাপতি মাসুদ রানা তুহিন, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ শাখার অন্যান্য দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এই দাবিগুলো অবিলম্বে পূরণ করা না হলে ক্যাম্পাস ও হলের শিক্ষার পরিবেশ রক্ষার্থে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।


কেএন