শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন পরিবর্তনের ঘোষণা
প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৫:৪৬:৫৮ অপরাহ্ন
ছবি: ।
দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চারটি নতুন বিষয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
নতুন পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘খেলাধুলা’ এবং ‘বাংলাদেশের সংস্কৃতি’ বিষয় দুটি চালু করা হবে। অন্যদিকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’।
শিক্ষামন্ত্রী বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এর পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, ২০২৮ সাল থেকে শিক্ষা কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পরিবর্তন আনা হবে। শিক্ষার্থীদের চাহিদা ও বাস্তবতার কথা বিবেচনা করে তখন নতুন বই যুক্ত করার পাশাপাশি বিদ্যমান বিষয়গুলোতেও প্রয়োজনীয় পরিমার্জন করা হতে পারে।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
কেএন