প্রকাশিত

০৩/১০/২০২৬ ০৬:১৪:৪৩ অপরাহ্ন

খেলাধুলা

সিলেট-ময়মনসিংহ ম্যাচ দিয়ে এনসিএলের পর্দা উঠল

সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ

প্রকাশিত: ০৩/১০/২০২৬ ০৬:১৪:৪৩ অপরাহ্ন

ছবি: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮তম জাতীয় ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠান।


সিলেটে শুরু হয়েছে ২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। গতকাল শনিবার (৩ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


সিলেট বিভাগীয় দল ও ময়মনসিংহ বিভাগীয় দলের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের এনসিএলের যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। অনুষ্ঠানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের সেরা দুই-তিনটি ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম। এই মাঠে ইতোমধ্যে অনেক আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের চমৎকার পরিবেশে খেলোয়াড়েরা স্বাচ্ছন্দ্যে নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতে পারবেন বলে তিনি আশাবাদী। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এনসিএলে সিলেট অতীতেও চ্যাম্পিয়ন হয়েছে, আগামীতেও চ্যাম্পিয়ন হবে। সেই লক্ষ্যেই সিলেট বিভাগীয় দলকে প্রস্তুত করা হয়েছে। দলের খেলোয়াড়েরা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভালো ফল অর্জনের চেষ্টা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, এনসিএলের প্রতিটি ম্যাচ দর্শকদের জন্য উপভোগ্য হবে বলে তিনি প্রত্যাশা করেন।


অনুষ্ঠানে বিসিবির পরিচালক রেদোয়ান আহমদ, বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান, বিসিবির কাউন্সিলর ইমতিয়াজ হোসেন তান্না, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট দলের অধিনায়কসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


sa