জাহ্নবীর লুকানো প্রতিভা
তিনি জিহ্বা ৩৬০ ডিগ্রি ঘোরাতে পারেন
প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৭:১৭:৫৬ অপরাহ্ন
ছবি: জাহ্নবীর লুকানো প্রতিভা।
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। তবে এবার কোনো বিতর্কিত বিষয় কিংবা এআইনির্ভর মর্ফ ভিডিও নয়, বরং নিজের বলা একটি মজার তথ্যের কারণে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ‘হিডেন ট্যালেন্ট’ বা লুকানো প্রতিভার কথা বলতে গিয়ে জাহ্নবী জানিয়েছেন, তিনি জিহ্বা ৩৬০ ডিগ্রি ঘোরাতে পারেন।
সাক্ষাৎকারে জাহ্নবীকে তার কোনো বিশেষ বা লুকানো প্রতিভার কথা বলতে বলা হয়। জবাবে অভিনেত্রী জানান, জিহ্বা ৩৬০ ডিগ্রি ঘোরানোর অদ্ভুত ক্ষমতা রয়েছে তার। যদিও নিজের এই প্রতিভাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করেন না জাহ্নবী। বরং এটিকে ‘বোকা বোকা’ ও অপ্রয়োজনীয় একটি দক্ষতা বলেই মনে করেন তিনি।
কীভাবে নিজের এই অদ্ভুত দক্ষতার কথা আবিষ্কার করেছিলেন জাহ্নবী? সেই গল্পও জানিয়েছেন অভিনেত্রী। তার ভাষ্য, স্কুলে পড়ার সময় বন্ধুদের মধ্যে একবার প্রতিযোগিতা হয়েছিল-কে জিহ্বা দিয়ে নাক ছুঁতে পারেন। সেই প্রতিযোগিতায় সফল হতে পারেননি তিনি।
তবে বন্ধুদের চমকে দিতে ভিন্ন কিছু করার চেষ্টা করেন জাহ্নবী। তখনই নিজের জিহ্বা ঘোরানোর এই ক্ষমতা আবিষ্কার করেন তিনি। এরপর থেকে এটিই তার ‘হিডেন ট্যালেন্ট’ হিসেবে রয়ে গেছে।
জাহ্নবীর মুখে এই অদ্ভুত প্রতিভার কথা প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। কেউ বিষয়টি নিয়ে রসিকতা করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন-এটিকে আদৌ ‘স্কিল’ বলা যায় কি না।
এর আগে এআইনির্ভর একটি মর্ফ ভিডিও নিয়ে ব্যাপক বিতর্কে জড়িয়েছিলেন জাহ্নবী। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘দেবারা: পার্ট ১’ সিনেমার জনপ্রিয় গান ‘চুট্টামালে’র ভিডিওকে এআইয়ের সাহায্যে বিকৃত করে সেখানে অভিনেত্রীকে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছিল।
ওই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন জাহ্নবী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে নারীদের ছবি বিকৃত করে এ ধরনের কুরুচিপূর্ণ কাজের নিন্দা জানান তিনি। একই সঙ্গে অভিনেতা জুনিয়র এনটিআরকেও ধন্যবাদ জানান জাহ্নবী।
sa