৪৮৬ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ২ জন!
জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট
প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৬:০১:০০ অপরাহ্ন
সিলেটের ৫৭ বছরের পুরোনো ঐতিহ্যবাহী জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৪৮৬ জন শিক্ষার্থীর বিপরীতে বিদ্যালয়ে বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন শিক্ষক! জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মাধ্যমিক স্তরে প্রতি ৩০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার কথা থাকলেও, এই বিদ্যালয়ে ২৪৩ জন শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক।
খোঁজ নিয়ে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে শিক্ষাবর্ষের নয় মাস পার হয়ে যাওয়ার পর প্রথমবারের মতো দশম শ্রেণির শিক্ষার্থীরা ইসলাম শিক্ষা বিষয়ে ক্লাস করার সুযোগ পায়। বিদ্যালয়ে কর্মরত দুজন শিক্ষকের একজন ইসলাম শিক্ষার শিক্ষক হওয়া সত্ত্বেও শিক্ষক স্বল্পতার কারণে তাঁকে অন্য বিষয়গুলোর ক্লাস সামলাতে হচ্ছিল।
বর্তমানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই দুজন শিক্ষককে একনাগাড়ে টানা ক্লাস নিতে হচ্ছে। এমনকি টিফিনের বিরতিতেও তাঁদের ক্লাস থেকে রেহাই মিলছে না। অতিরিক্ত কাজের চাপে শিক্ষকেরা অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন।
শিক্ষক সংকট দূর করতে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় শিক্ষকবৃন্দ নিজেদের উদ্যোগে কয়েকজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছেন। তবে সরকারি বিদ্যালয়ে অভিভাবকদের বাড়তি অর্থ খরচ করে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়াকে স্থায়ী সমাধান বলে মনে করছেন না সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এতে শিক্ষার গুণগত মান নিশ্চিত হওয়া নিয়ে প্রশ্ন থেকেই যায়।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, সিলেট শহর থেকে বিদ্যালয়টির দূরত্ব বেশি হওয়ায় এখানে শিক্ষকদের পদায়নে অনিচ্ছা দেখা যায়। অনেক শিক্ষক প্রথম পদায়ন হিসেবে এখানে আসলেও পরবর্তীতে তদবির করে দ্রুত বদলি হয়ে চলে যান। চলতি বছরেই তিনজন শিক্ষক বিদ্যালয়টি ছেড়ে অন্যত্রে বদলি হয়ে গেছেন। শিক্ষকদের এই অন্যায্য ও দ্রুত বদলি প্রক্রিয়ার পেছনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রশাসনিক দুর্বলতা ও অনিয়মকে দায়ী করছেন সচেতন মহল।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনা করে জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক পদ সৃষ্টি ও স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং মাউশির কাছে জোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা
কে ইউ এন