বালাগঞ্জে চাচা হত্যা মামলায় ভাতিজাসহ একই পরিবারের তিনজন চট্রগ্রাম থেকে গ্রেফতার
প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০৬:৫২:৫৩ অপরাহ্ন
সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চাচা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ভাতিজা মির্জা টিটুসহ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আপন ভাতিজা মির্জা টিটুর হাতে চাচা মির্জা আবুল মিয়া খুন হন বলে জানা গেছে।
এ ঘটনায় দায়ের করা বালাগঞ্জ থানার মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মির্জা টিটু (৩৫), তার বোন মির্জা জেনী বেগম (৩৮) এবং স্ত্রী সালমা বেগমকে (২৫)। তারা সবাই পূর্ব মুসলিমাবাদ গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে গত ১ নভেম্বর রাত ৮টা ১২ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানাধীন ব্রিক ফিল্ড রোডের রোকেয়া মঞ্জিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারের সার্বিক দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সৌরভ সাহার নেতৃত্বে বালাগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে চট্টগ্রাম ও সিলেটের সংশ্লিষ্ট পুলিশ ইউনিট সহযোগিতা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামিদের বালাগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার
(৩ নভেম্বর) যথাযথ পুলিশি নিরাপত্তায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র: বালাগঞ্জ থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি।
কেএন