নজরুল বর্ষ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম, এবার বিভাগীয় মঞ্চে কুলাউড়ার কাবুল
প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০৬:৫৮:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করেছেন হিংগাজিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষার্থী মোঃ রেদওয়ানুল ইসলাম কাবুল। প্রথমে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পর জেলা পর্যায়েও ইসলামি সংগীত বিষয়ে প্রথম হয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ইসলামি সংগীত বিষয়ে সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেন কাবুল।
মোঃ রেদওয়ানুল ইসলাম কাবুল কুলাউড়া উপজেলার ৯নং টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ আব্দুস শহীদ। তিনি হিংগাজিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী।
উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে এবার সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন তিনি। বিভাগীয় পর্যায়েও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা তাঁর।
নিজের অনুভূতি প্রকাশ করে কাবুল বলেন, দীর্ঘদিন ধরে তিনি সংগীতচর্চার সঙ্গে যুক্ত রয়েছেন। ভবিষ্যতেও সংগীতের জগতে থাকতে চান। সংগীতের মাধ্যমে দ্বীনের প্রচার ও ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরাই তাঁর অন্যতম লক্ষ্য।
এদিকে, উপজেলা ও জেলা পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জন করায় কাবুলের এ কৃতিত্ব স্থানীয়ভাবে আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। বিভাগীয় পর্যায়েও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখবেন কাবুল—এমন প্রত্যাশা করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
কেএন