জমি অধিগ্রহণের জটিলতায় ঝুলে আছে বালাগঞ্জের ঝুলন্ত সেতু
প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০৭:৪৫:০০ অপরাহ্ন
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ভেতর দিয়ে বয়ে গেছে কুশিয়ারা নদীর শাখা নদী বড়ভাঙা। উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের ৫৬ বছরের আশা-আকাঙ্খা পূর্ণ হতে একমাত্র বাঁধা হয়ে দাঁড়িয়েছে জমি অধিগ্রহণের বিষয়টি। ভূমি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে আটকে আছে বড়ভাঙা নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতুর কাজ। ইতোমধ্যে সেতুর প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বাকি কাজ আটকে থাকায় দীর্ঘদিনের স্বপ্নের সেতু নিয়ে আবারও অনিশ্চয়তায় পড়েছেন এলাকাবাসী।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিংকি সাহা গত ২৭ অক্টোবর বলেছিলেন, পরের সপ্তাহে ভূমি জটিলতা নিরসনে সরেজমিনে পর্যবেক্ষক প্ররণ করবেন। কিন্তু দীর্ঘ ১০ দিন অতিবাহিত হয়ে গেলেও কাজের কোনো অগ্রগতি মিলছে না।
সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, বালাগঞ্জ-সিলেট সুলতানপুর সড়কের শেষ প্রান্তে বড়ভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন ১১ কোটি ৯৭ লক্ষ ৮২ হাজার ২৩৮ টাকা ব্যয়ে ১০০ মিটারের এই ঝুলন্ত সেতুর নির্মাণ কাজ পায় মেসার্স জামান এন্টারপ্রাইজ (জেবি) নামক ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রকল্পের আওতায় আধুনিক নকশায় সেতুটি নির্মাণ কাজ ১৮ মাসের মধ্যে কাজ করার কথা রয়েছে। তবে জমি অধিগ্রহণের জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ইতোমধ্যে আরও ছয় মাস মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার সন্দীপ অধিকারী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর থেকেই বড়ভাঙ্গা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে নদী পারাপারে নৌকা ও ঝুঁকিপূর্ণ বাঁশ-কাঠের সাঁকোর ওপর নির্ভর করতে হয়েছে হাজারো মানুষকে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিভিন্ন সময়ে সেতু নির্মাণের আশ্বাস ও উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে কাজ শুরু হয়নি। অবশেষে নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছিল। কিন্তু এখন ভূমি জটিলতা সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই বাঁধা হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রক্রিয়া সম্পন্ন না করেই সেতুর নির্মাণকাজ শুরু করা হয়েছিল। ফলে কাজ প্রায় শেষ পর্যায়ে এসে থমকে গেছে।
অধিগ্রহণের জন্য নির্ধারিত জমির মালিকরা জানান, এলাকার উন্নয়নের স্বার্থে তারা জমি দিতে সম্মত। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এমনকি জমি অধিগ্রহণের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত কিংবা কোনো আনুষ্ঠানিক নোটিশও দেওয়া হয়নি। এদিকে, প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পরও পাঁচ মাস ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় ক্ষোভ ও হতাশা বাড়ছে স্থানীয়দের মধ্যে। দ্রুত ভূমি জটিলতা নিরসন করার দাবি তাদের। এ ব্যাপারে সিলেট সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, আগামী দুই-তিন দিনের মধ্যে জমি অধিগ্রহণের কার্যক্রম এগিয়ে নিতে টিম পরিদর্শনে যাবে।
কেএন