প্রকাশিত

০৯/১১/২০২৬ ০৬:০৭:০৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০৬:০৭:০৮ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবারও পুরস্কৃত হয়েছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাচালান দমন, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

সোমবার (৯ নভেম্বর) সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় (ক্রাইম কনফারেন্স) জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর হাতে প্রশংসাপত্র ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।

জানা গেছে, গত মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাচালান প্রতিরোধ, মামলা নিষ্পত্তি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), বিভিন্ন সার্কেলের কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছর এর আগেও আরও দুইবার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হয়েছেন তরিকুল ইসলাম তালুকদার। এ নিয়ে একই বছরে তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন তিনি।

এ অর্জনে নিজের একক কৃতিত্বের চেয়ে দোয়ারাবাজার থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সততার প্রতিফলন দেখছেন ওসি তরিকুল ইসলাম তালুকদার। তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করায় সুনামগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), ছাতক-দোয়ারাবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

তাঁর এ অর্জনে দোয়ারাবাজার উপজেলার পুলিশ প্রশাসন ও সচেতন মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ ধারাবাহিকতা বজায় রেখে মাদক, চোরাচালান ও অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করতে দোয়ারাবাজার থানার কার্যক্রম আরও গতিশীল হবে।

কেএন