সীমান্তে মাদক-চোরাচালান বন্ধের দাবি
দোয়ারাবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়
প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০৬:০৩:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফাতেমা জান্নাত। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ইউএনও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসেবা নিশ্চিত করা এবং সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের আয়না। আপনাদের লেখনীর মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবেন। পাশাপাশি সমাজের অসংগতিগুলোও বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করবেন, যাতে আমরা সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি এবং জনস্বার্থে কাজ করা আরও সহজ হয়।’
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। তাঁরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধ, অবৈধ পাচার বাণিজ্য রোধ, নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও লুটপাট বন্ধ, ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ ছাড়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা সমাধান এবং শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তাঁরা।
সভায় দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাষ্টার মোহাম্মদ কামাল উদ্দিন, সহসভাপতি বজলুর রহমান ও আলা উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও শাহ মাশুক নাইম, কোষাধ্যক্ষ সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, তথ্যপ্রযুক্তি সম্পাদক ফারুক মিয়া, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, সদস্য মারুফ খন্দকার ও রফিকুল ইসলামসহ দোয়ারাবাজার প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএন