শ্রীমঙ্গলে জুলাই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব উল ইসলামের ওপর হামলারী শনাক্ত
প্রকাশিত: ১১/১১/২০২৬ ০৪:১৪:৫০ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব উল ইসলামের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।
এর আগে দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হাসিব উল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করে এবং ধারালো চাপাতি নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
জানা যায়, হাত মেলানোর পরই হাসিবের ওপর হামলা, সঙ্গে ছিলেন স্ত্রী। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, হাসিব অটোরিকশায় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছেন। পথে তার অটোরিকশাটি আটকে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যান হাসিব। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতারা প্রতিবাদ মিছিল করে বিচার দাবি করেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পরে মামলা রেকর্ড করা হয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদার।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার এজাহারে হাবিবুর রহমান নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। সেই অনুযায়ী মূল হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
কেএন