প্রকাশিত

১১/১১/২০২৬ ০৯:৩০:৩৫ অপরাহ্ন

সিলেট জুড়ে

দিরাইয়ে গ্রাম পুলিশের বসতঘরে ভয়াবহ আগুন, গবাদিপশুসহ পুড়ল সর্বস্ব

প্রকাশিত: ১১/১১/২০২৬ ০৯:৩০:৩৫ অপরাহ্ন

দিরাইয়ে গ্রাম পুলিশের বসতঘরে ভয়াবহ আগুন, গবাদিপশুসহ পুড়ল সর্বস্ব

সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়ারগাঁও গ্রামে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্রাম পুলিশ শুসেন দাসের বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে একটি গরু মারা গেছে এবং আরেকটি গরু দগ্ধ হয়েছে। এ ঘটনায় পরিবারটি সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপনের মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ শুসেন দাসের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ঘরে থাকা ধান-চাল, কাপড়চোপড়, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি গোয়ালঘরে থাকা দুটি গবাদিপশুর মধ্যে একটি আগুনে পুড়ে মারা যায় এবং অপরটি দগ্ধ হয়। এতে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দিরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ শিশির কুমার দাস জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে কিছুক্ষণ পর স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে আর ঘটনাস্থলে যেতে হয়নি।

তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ বলেন, ডাইয়ারগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে গ্রাম পুলিশ শুসেন দাসের বসতঘর ও একটি গরু পুড়ে গেছে। আগুনে তিনি সর্বস্ব হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা করা হয়েছে। ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার বলেন, অগ্নিকাণ্ডে গ্রাম পুলিশ শুসেন দাসের বসতঘর ও একটি গরু পুড়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য ঘটনাস্থল পরিদর্শন এবং আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

কেএন