ইমাম ভাতা আত্মসাতের চেষ্টার অভিযোগ: জকিগঞ্জে বহাল তবিয়তে খেলাফত মজলিস নেতা জুবায়ের আহমদ
প্রকাশিত: ১২/১১/২০২৬ ০৫:১০:৫৪ অপরাহ্ন
জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কালেক্টর মাওলানা জুবায়ের আহমদের বিরুদ্ধে সরকারি ইমাম ভাতা উত্তোলনের চেষ্টার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও তিনি এখনো স্বপদে বহাল রয়েছেন। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মাওলানা জুবায়ের আহমদ জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। তিনি জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কালেক্টর পদে চাকরি করা সত্ত্বেও নিজের পরিচয় গোপন করে নিজেকে ইমাম দাবি করে সরকারি ইমাম ভাতা উত্তোলনের জন্য আবেদন করেন।
বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। জনগণের তীব্র প্রতিবাদের মুখে একপর্যায়ে মসজিদ কমিটি তাঁর ওই আবেদন বাতিল করতে বাধ্য হয়।মসজিদের মতো একটি পবিত্র প্রতিষ্ঠানে কর্মরত থেকে এ ধরনের জালিয়াতি ও দুর্নীতির চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগ ওঠার পরও সংশ্লিষ্ট মসজিদ কমিটি তাঁর বিরুদ্ধে কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন তুলেছেন সাধারণ মুসল্লিরা। তাঁদের প্রশ্ন— এত বড় অনিয়মের অভিযোগ ওঠার পরেও তিনি কীভাবে এখনো চাকরিতে বহাল তবিয়তে রয়েছেন?
এ বিষয়ে অভিযুক্ত মাওলানা জুবায়ের আহমদ ও মসজিদ কমিটির দায়িত্বশীলদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পেলে পরবর্তীতে যুক্ত করা হবে। স্থানীয় সচেতন মহল ও মুসল্লিরা অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কেএন