মুফতি আবুল হাসান এমপির আমন্ত্রণে বিজয়ের মাসে কানাইঘাট-জকিগঞ্জ আসছেন স্পিকার মেজর হাফিজ
প্রকাশিত: ১২/১১/২০২৬ ০৪:২৯:২৫ অপরাহ্ন
বিজয়ের মাস ডিসেম্বরে একাত্তরের রণাঙ্গনের স্মৃতিবিজড়িত জনপদ সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে আগামী ১ ডিসেম্বর এই সফরে আসছেন তিনি। দীর্ঘ ৫৫ বছর পর তাঁর এই সফর কেবল আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নয়, বরং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জনপদের সঙ্গে এক বীর মুক্তিযোদ্ধার আবেগঘন পুনর্মিলন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সিলেট-৫ আসনের এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসান। ওই আলোচনায় তিনি নিজের নির্বাচনী এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের দাবি তুলে ধরেন। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে কানাইঘাট ও জকিগঞ্জে সংঘটিত ঐতিহাসিক সম্মুখযুদ্ধগুলোর কথা উল্লেখ করেন তিনি।
সংসদে এমপির এই বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ। তাঁর চোখের সামনে ভেসে ওঠে একাত্তরের ২১ ও ২২ নভেম্বরের সম্মুখযুদ্ধের স্মৃতি। পরবর্তীতে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসান স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি বছরের শেষ দিকে জকিগঞ্জ ও কানাইঘাট সফরের আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগে পানিসম্পদমন্ত্রী থাকাকালীন এই জনপদে এলেও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনের উদ্দেশ্যে এটিই তাঁর প্রথম সফর।
সফরসূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপাড় ইউনিয়নের সাতবাঁক পরগণার দিঘীরপাড় এলাকায় শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীরউত্তমের কবর জিয়ারত করবেন। ১৯৭১ সালের ২৬ নভেম্বর দিঘীরপাড় এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটির বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান। ওই যুদ্ধে মেজর হাফিজ সরাসরি অংশ নিয়েছিলেন এবং তাঁর চোখের সামনেই ক্যাপ্টেন মাহবুব শাহাদাতবরণ করেন। যুদ্ধের দিনই তাঁকে সাতবাঁক ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গণে সমাহিত করা হয়। কবর জিয়ারত শেষে স্পিকার জকিগঞ্জ উপজেলার চারিগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করবেন এবং জকিগঞ্জ উপজেলা সদরে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
মুক্তিযুদ্ধের ইতিহাসে সিলেট অঞ্চলকে হানাদারমুক্ত করার ক্ষেত্রে কানাইঘাট ও জকিগঞ্জের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের রণাঙ্গনে অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে বীরউত্তম খেতাব পান সেক্টর কমান্ডার মেজর (অব.) সি আর দত্ত, ক্যাপ্টেন মাহবুবুর রহমান ও ক্যাপ্টেন খাজা নিজাম উদ্দিন ভূঁইয়া। এছাড়া মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও আবদুল আজিজ বীরবিক্রম এবং মেজর (অব.) ওয়াকার হাসান, ফ্লাইট লেফটেন্যান্ট লিয়াকত আলী, শামসুল হক ও আবুল বাশার বীরপ্রতীক খেতাবে ভূষিত হন। একাত্তরের ডিসেম্বরের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মেজর হাফিজ কানাইঘাট পৌরসভার শিবনগর এবং ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কান্দিগ্রামে রাত্রিযাপন শেষে দরবস্ত-হরিপুর হয়ে সিলেট শহর শত্রুমুক্ত করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, স্পিকারের এই ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে কানাইঘাট ও জকিগঞ্জের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ঐতিহাসিক স্থানগুলোর যথাযথ সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিত হবে। পাশাপাশি অবহেলিত এই জনপদের অবকাঠামোগত উন্নয়নেও সফরটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কেএন