সিলেটের উন্নয়নে সিউকের ৮ প্রকল্প, দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
প্রকাশিত: ১৭/১১/২০২৬ ০৮:৪৪:৫৭ অপরাহ্ন
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও যানজট নিরসনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নেওয়া আটটি উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদি তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে সভা ও প্রকল্পগুলোর বিষয়ে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ঢাকায় বিসিক ভবনে সিউকের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পগুলোর পরিকল্পনা ও যথার্থতা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সিউকের পরিকল্পনায় থাকা আটটি প্রকল্পের মধ্যে রয়েছে—স্থায়ী কার্যালয় স্থাপন, গ্রিন ইকো হাউজিং প্রকল্প, সিউক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা, শাহ খুররম ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় খেলার মাঠ নির্মাণ, লাউয়াই এলাকায় আয়বর্ধক প্রকল্প গ্রহণ, আম্বরখানা কলোনি মাঠের সংস্কার, উপশহর মাঠের সৌন্দর্যবর্ধন এবং আম্বরখানা পয়েন্টের যানজট নিরসনে বিশেষ প্রকল্প গ্রহণ।
এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট নগরের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, আবাসন, বিনোদন ও যানজট ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
কেএন



