প্রকাশিত

১৮/১১/২০২৬ ০৮:৩৪:২৭ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সিলেটের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫১০৬ কোটি টাকার প্রকল্প বাণিজ্যমন্ত্রীকে সিউক চেয়ারম্যানের অভিনন্দন

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ০৮:৩৪:২৭ অপরাহ্ন

সিলেটের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫১০৬ কোটি টাকার প্রকল্প বাণিজ্যমন্ত্রীকে সিউক চেয়ারম্যানের অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদন হওয়ায় বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে। এটি বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন হবে। পাশাপাশি সংসদ সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথও সুগম হবে।

সিউক চেয়ারম্যান বলেন, নির্বাচনপূর্ব সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেসব পরিকল্পনা ও প্রতিশ্রুতি জনগণের সামনে তুলে ধরেছিলেন, দেশের মানুষ সেসব পরিকল্পনা ও প্রতিশ্রুতির ওপর আস্থা রেখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের সেই প্রত্যাশা বাস্তবায়নে প্রধানমন্ত্রী যে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছেন, সে জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে সিলেটসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে ভূমিকা রাখায় বাণিজ্যমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বার্তায় আরও বলা হয়, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেতুটি নির্মিত হলে স্থানীয় মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে। এ ছাড়া আগামী ফেব্রুয়ারির মধ্যে সিলেট-ঢাকা রুটে নতুন একটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সড়ক, নৌ ও রেলপথ—তিন ক্ষেত্রেই সিলেটের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন সিউক চেয়ারম্যান। একই সঙ্গে সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প গ্রহণ ও অনুমোদনে ভূমিকা রাখায় বাণিজ্যমন্ত্রীকে সিলেটবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
 

কেএন

Advertisement
Advertisement
Advertisement