প্রকাশিত

০৯/১২/২০২৫ ১১:৪১:০০ অপরাহ্ন

এক্সক্লুসিভ

তদন্ত কমিটির মুখোমুখি অভিযোগকারী

ওসমানী মেডিকেলে চিকিৎসায় অবহেলার অভিযোগ

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ১১:৪১:০০ অপরাহ্ন

ছবি: তদন্ত কমিটির সদস্যদের সাথে অভিযোগকারীসহ অন্যান্যরা।

## হাসপাতালের দেওয়া নোটিশে ‘ভুল চিকিৎসা’ শব্দ ব্যবহার করা হয়েছে
##তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
## সেই রোগীকে পুনরায় চিকিৎসা সেবা দিতে চায় কমিটি, দেওয়া হবে ‘স্পেশাল কেবিন’
সিলেটের খাদিনগর ইউনিয়নের বাসিন্দা মুক্তার হোসেন মান্নার বাবা আলতাফ হোসেনের (৬৫) হাতে প্লাস্টার দেওয়ার পর পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়ার কারণে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায়, চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। লিখিত অভিযোগের পর হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত ১৮ অক্টোবর। সেদিন আলতাফ হোসেনের বাম হাত ভেঙে গেলে তাকে সিলেট ওসমানী মেডিক্যালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে এক্সরে করার পর ওটিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে একরাত পর্যবেক্ষণে রেখে পরদিন অর্থোপেডিক্স বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে কিছু টেস্ট ও ঔষধের পরামর্শ দেওয়া হয়।
মুক্তার হোসেন মান্নার অভিযোগ, ওয়ার্ডবয় হাতের প্লাস্টার খুলে আবার নিজের মতো করে লাগিয়ে দেন। এরপর থেকেই ব্যথা ও জটিলতা বাড়তে থাকে। বিষয়টি চিকিৎসকদের জানালেও তারা যথাযথ পদক্ষেপ নেননি বলে তিনি দাবি করেন। কয়েকদিন পর হাতের ড্রেসিং করা অংশে পুঁজ বের হতে থাকে। অবস্থা খারাপ হওয়ায় ২৩ অক্টোবর তাকে বাধ্য হয়ে একটি বেসরকারি হাসপাতালে নিতে হয়। সেখানে নিয়ে গেলে জানতে পারেন, ভুল প্লাস্টারের কারণে সংক্রমণ ছড়িয়ে গেছে।
তখন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে গত ২৬ অক্টোবর মুক্তার হোসেন লিখিত অভিযোগ জমা দিলে হাসপাতালে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয়েছে অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. শংকর কুমার রায়কে। কমিটির অন্য সদস্যরা হলেন- পেডিয়াট্রিক, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আসাদুজ্জামান ও কার্ডিওলজি (ইনসিটু) ডা. মোহাম্মদ বদরুল আমিন।
এরই ধারাবাহিকতায় গত ৩ ডিসেম্বর তদন্ত কমিটি অভিযোগকারীকে মৌখিক বক্তব্য প্রদানের জন্য নোটিশ পাঠায়। চিঠিতে বলা হয়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও চিকিৎসা সেবায় কোনো ব্যত্যয় ঘটেছে কিনা তা যাচাইয়ের জন্য মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের মিনি কনফারেন্স রুমে উপস্থিত থাকতে হবে। সেই অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন তিনি।
অভিযোগকারী মুক্তার হোসেন মান্না জানান, তদন্ত কমিটির সদস্যরা তাকে জানিয়েছেন, হাসপাতালে তার বাবার চিকিৎসার জন্য ‘স্পেশাল কেবিন’ দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি চিকিৎসার খরচ বাবদ ৮০ হাজার টাকা দাবি করেছেন, কমিটি বিষয়টি বিবেচনা করছে বলেও জানান।
তবে তার অভিযোগ, তিনি ‘চিকিৎসার দায়িত্ব অবহেলা’ উল্লেখ করে অভিযোগ দিলেও হাসপাতালের দেওয়া নোটিশে ‘ভুল চিকিৎসা’ শব্দ ব্যবহার করা হয়েছে, যা তার মূল অভিযোগের সঙ্গে সাংঘর্ষিক।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ডা. শংকর কুমার রায় বলেন, আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। প্রতিবেদন প্রস্তুত হলে বিস্তারিত জানানো যাবে।

এমকে