প্রকাশিত

০৩/০৯/২০২৬ ০৯:১১:৫৫ অপরাহ্ন

বিনোদন

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে সেই বিশেষ পর্বটি

ইত্যাদি’র সংকলিত পর্ব প্রচার হবে শুক্রবার

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৯:১১:৫৫ অপরাহ্ন

ছবি: ।

পাহাড়ি সৌন্দর্যের রানি বান্দরবানে ধারনকৃৃত ‘ইত্যাদি’র একটি পর্ব প্রচার হয়েছিল ২০১৯ সালের নভেম্বর। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে সেই বিশেষ পর্বটির কিছু অংশসহ ‘ইত্যাদি’-র কয়েকটি পর্ব থেকে নেওয়া চমৎকার সব দৃশ্য দিয়ে সাজানো একটি সংকলিত পর্ব।
দীর্ঘদিন রোগে ভোগার পর প্রয়াত বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান ইত্যাদির বান্দরবান পর্বের একটি নাট্যাংশের মাধ্যমে প্রথম টিভি ক্যামেরার সামনে আসেন। তার সঙ্গে ছিলেন আরেকজন বর্ষীয়ান অভিনেতা জনাব মাসুদ আলী খান।
যদিও এই পর্ব শুটিংয়ের কয়েকদিন পরই তিনি আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় নিজ গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইত্যাদিতে প্রচারিত এই নাট্যাংশটিই ছিল এ টি এম শামসুজ্জামান ও বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খানের জীবনের শেষ অভিনয়।
বিষয় বৈচিত্রে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। বান্দরবানের ইতিহাস, ঐতিহ্যর পাশাপাশি এবার রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর উপর তথ্য ভিত্তিক প্রতিবেদন।
এছাড়াও রয়েছে পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী চঞ্চল কান্তি চাকমার ব্যক্তি উদ্যোগে বয়স্ক ভাতা চালুর উপর একটি প্রতিবেদন।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি শিক্ষক পরিবারের উপর একটি শিক্ষামূলক প্রতিবেদন। যে পরিবারের প্রত্যেকেই নিজেরা শিক্ষা গ্রহণ করে অন্যকেও শিক্ষার আলোয় আলোকিত করার ব্রত নিয়েছেন। পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকতের পরিবেশের উপর রয়েছে একটি সচেতনতামূলক প্রতিবেদন।
এবারের ইত্যাদিতে বাংলা ও মারমা গানের দু’জন প্রতিষ্ঠিত শিল্পী আঁখি আলমগীর এবং মান মান সিং-এর কণ্ঠে রয়েছে একটি অনুরাগের গান। গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। এছাড়াও বান্দরবানের সবুজ-শ্যামল রূপ বৈচিত্র নিয়ে আর একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বান্দরবানের ১১টি নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সমন্বয়ে শতাধিক নৃত্যশিল্পী।
নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শকপর্ব ও চিঠিপত্র বিভাগ।
বরাবরের মতো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।


বিনোদন/তা/৪