মির্জা ফখরুল ইসলাম আলমগীর
পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি
প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৮:১৫:৪৬ অপরাহ্ন
ছবি: ।
বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নে কেয়ার বাংলাদেশের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে কেয়ার বাংলাদেশের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার আর্ল রবার্ট মিলার (Earl Robert Miller)। সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে কেয়ার বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করে। তারা জানায়, দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, তৈরি পোশাক খাতে নারীদের প্রশিক্ষণ এবং এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে কেয়ার বাংলাদেশ।
এ ছাড়া কৃষি, স্বাস্থ্য ও পুষ্টি, রোহিঙ্গাদের মানবিক সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নেও প্রতিষ্ঠানটি কাজ করছে। বাংলাদেশে কেয়ার বাংলাদেশের চারটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে বলেও প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে জানায়।
রাষ্ট্রপতি কেয়ার বাংলাদেশের এসব কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সুবিধার পরিধি আরও বাড়ানোর আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে একসময় কেয়ার বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় একটি নাম ছিল। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
তিনি কেয়ার বাংলাদেশের কাজ করার সেই পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস উপস্থিত ছিলেন।
কেএন