জরুরি বিভাগে ভাঙচুর
দিরাই উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন যুবকের ওপর হামলা
প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০৩:৩৭:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে চিকিৎসাধীন এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটে, এতে জরুরি বিভাগে বেশকিছু সরঞ্জাম ভাঙচুর করে হামলাকারীরা।
১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
দিরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর এম ও) ডাঃ প্রশান্ত তালুকদার জানান, সাকিতপুর গ্রামের সংঘর্ষে আহত একজন জরুরি বিভাগে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকজনেরা অতর্কিত হামলা চালান। এ ঘটনায় জরুরি বিভাগের একটি ইসিজি (ইসিজি) মেশিন, পানির কল, ওজন পরিমাপক যন্ত্র, চিকিৎসাসেবায় ব্যবহৃত একটি বিছানা ও অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করে হামলাকারীরা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার বিকেলে সাকিতপুর গ্রামের রাজা চৌধুরীরে ছেলে জীবু চৌধুরী (২৭) তার চাচা মোক্তার চৌধুরীর মালিকানাধীন বাঁশ কাটতে যান জীবু চৌধুরী, এ সময় পাশের বাড়ি আব্দুল হেকিমের জাহাঙ্গীর নামে এক ব্যক্তি তাঁকে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জীবু চৌধুরী গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের খবর পেয়ে দিরাই সদরে ব্যবসা করা জাহাঙ্গীরের ভাই আনহার সরদার তাঁর সহযোগীদের নিয়ে হাসপাতালে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন জীবু চৌধুরীর ওপর তাঁরা ফের হামলা চালান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম ও মালামাল ভাঙচুর করা হয়।
খবর পেয়ে দিরাই থানা-পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে আনহার সরদারের একাধিকবার সুযোগ করেও বক্তব্য পাওয়া যায় নি।
কেএন