প্রকাশিত

১৮/১০/২০২৬ ০২:২০:১০ অপরাহ্ন

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবন্ধী ব্যাক্তিদে ভাতা বাড়ানোর উদ্যোগ নিবে সরকার

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০২:২০:১০ অপরাহ্ন

প্রতিবন্ধী ব্যাক্তিদে ভাতা বাড়ানোর উদ্যোগ নিবে সরকার

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
গতকাল শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এ ভাতা বাড়ানো হবে, যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা আরও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাকে সরকার ও সমাজের দায়িত্ব। 

প্রধানমন্ত্রী বলেন, তাঁরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের প্রয়োজন ও অধিকার যথাযথভাবে বিবেচনায় নিতে হবে। অতীতে এ ক্ষেত্রে যেসব ঘাটতি ছিল, সেগুলো পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।

চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে যোগাযোগের প্রতিবন্ধকতা দূর করতে হাসপাতালগুলোতে সাংকেতিক ভাষায় দক্ষ ব্যক্তিদের ব্যবস্থা করার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রতিবন্ধী নারীদের আইনি সহায়তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নির্ধারণে নির্ভরযোগ্য পরিসংখ্যানের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ করে সরকারের কাছে উপস্থাপনের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

গণপরিবহনে প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত সহজ করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন নারীদের জন্য পিংক বাসসেবা আরও উপযোগী করার পাশাপাশি ঢাকা ও অন্যান্য বড় শহরে প্রতিবন্ধীবান্ধব বাস চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হবে। নতুন ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশ ও চলাচলের উপযোগী ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের সুবিধা না থাকলে সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদন না দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রস্তাব প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিষয়টি সাংবিধানিক বিবেচনার সঙ্গে যুক্ত। এ বিষয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।

এ সময় প্রতিবন্ধী ক্রীড়াবিদ মো. মহসিন প্রধানমন্ত্রীর জন্য একটি ক্যাপ উপহার এনেছেন বলে জানালে মঞ্চ থেকে নেমে এসে সেটি গ্রহণ করেন তারেক রহমান। এ ছাড়া বিদেশে খেলাধুলায় অংশ নেওয়ার ক্ষেত্রে মহসিনের দলকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

কেএন