আটক একজন
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোতালিবের ওপর হামলা
প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৩:২৪:০৯ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ, দৈনিক শুভপ্রতিদিন পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহাদ ভূইয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে বাঁশতলা আঞ্চলিক বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আহাদ ভূইয়া চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকসংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মোতালিব ভূইয়া। এর জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন জানান, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের সাংবাদিকের ওপর হামলা ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, সাংবাদিকের উপর হামলা ঘঠনায় এখনো কোন অভিযোগ পাইনি। ঘটনার সাথে সাথেই অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
কেএন