কুতুব উদ্দিন
বিরল স্লাইম মোল্ডের ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার জিতলেন কুলাউড়ার সন্তান
প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৮:৫২:১১ অপরাহ্ন
ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবের অদেখা সৌন্দর্য ক্যামেরায় তুলে ধরে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৃতী আলোকচিত্রী কুতুব উদ্দিন। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আয়োজিত ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৬’ প্রতিযোগিতায় ‘পোর্টফোলিও অ্যাওয়ার্ড’ বিভাগে বিজয়ী হয়েছেন তিনি।
কুতুব উদ্দিন কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দুর্গাপুর বাংলাবাড়ি এলাকার আবু মোহাম্মদের ছোট ভাই। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের পশ্চিম সাসেক্সে বসবাস করছেন।
ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার ২০২৬ সালের আসরে কুতুব উদ্দিন তাঁর ‘সিক্রেট ওয়ার্ল্ডস’ শীর্ষক আলোকচিত্রের সংকলনের জন্য পুরস্কার পেয়েছেন। তাঁর কাজের মূল বিষয় ছিল স্লাইম মোল্ড—অতি ক্ষুদ্র ও সহজে চোখে না পড়া একধরনের জীব, যা সাধারণত স্যাঁতসেঁতে পরিবেশ, পচা কাঠ ও বনভূমির মাটিতে দেখা যায়।
স্লাইম মোল্ডের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে তৈরি হওয়া ক্ষুদ্র গঠন, আকৃতি ও রঙের বৈচিত্র্য তাঁর ছবিতে ফুটে উঠেছে। এসব গঠন অনেক সময় মাত্র এক থেকে দুই মিলিমিটার উঁচু হয়। ফলে সেগুলোর সূক্ষ্ম বিবরণ ক্যামেরায় স্পষ্টভাবে তুলে ধরা বেশ চ্যালেঞ্জিং।
এ ধরনের ছবি ধারণ করতে প্রয়োজন বিশেষ ম্যাক্রো ফটোগ্রাফি কৌশল, উপযুক্ত আলোর ব্যবহার, ধৈর্য এবং নিবিড় পর্যবেক্ষণ। কুতুব উদ্দিন এসব কৌশল কাজে লাগিয়ে প্রকৃতির অতি ক্ষুদ্র এক জগৎকে অসাধারণভাবে তুলে ধরেছেন।
ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের প্রকাশিত তথ্যে তাঁকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট আলোকচিত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর এই অর্জন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের আলোকচিত্রচর্চার জন্যও গর্বের বিষয়।
প্রকৃতির অদেখা সৌন্দর্যকে বিশ্বদরবারে তুলে ধরার মধ্য দিয়ে কুতুব উদ্দিন প্রমাণ করেছেন, ক্যামেরার লেন্সে ক্ষুদ্রতম বিষয়ও হয়ে উঠতে পারে অসাধারণ এক গল্পের বাহক।
কেএন