প্রধানমন্ত্রী তারেক রহমান
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার
প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৪:১৫:৪৯ অপরাহ্ন
ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার ও সমান কর্তব্য রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রংপুর-সৈয়দপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ডে এ পথসভার আয়োজন করা হয়। পথসভার মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হলে সমর্থকরা তাকে করতালি দিয়ে অভিনন্দন জানান। এ সময় তিনি হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
তিনি বলেন, আমাদের ধর্মীয় পরিচয় আলাদা হতে পারে, কিন্তু নাগরিক হিসেবে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা সবাই বাংলাদেশি।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কেএন