জেলা প্রশাসকের সাথে জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের নেতৃবৃন্দের সাক্ষাৎ
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র অসাধারণ সাফল্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা
প্রকাশিত: ০২/১১/২০২৬ ০৬:০৭:৫৪ অপরাহ্ন
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তাকে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন ফুলেল শুভেচ্ছা জানান।
২ নভেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জন করা অত্যন্ত আনন্দের। তার এই অসাধারণ সাফল্য শুধু তার পরিবার কিংবা প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য গর্বের। প্রতিকূলতাকে জয় করে অধ্যবসায়, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে সাফল্য অর্জন করা সম্ভব, তাহমিনা আক্তার মৌমি তার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কখনো মেধা, মনোবল ও স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। মৌমির এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
জেলা প্রশাসক আরো বলেন, সরকারের বরাদ্দকৃত জায়গায় জিডিএফ আছে, থাকবে। এখানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জন করার সুযোগ পাবেন। এ সময় বায়জিদ খান এই প্রতিষ্ঠানে মৌমির মত অসংখ্য শিক্ষার্থী তৈরি করতে সরকার বরাদ্দকৃত জায়গায়টি স্থায়ীকরণ, ভবন নির্মাণ সহ সব ধরনের সহযোগিতার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন জিডিএফ’র হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি-কে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন।
পরে নেতৃবৃন্দ সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা এর সাথে সাক্ষাৎ করেন। তিনি মৌমিকে তার সাফল্যের জন্য অভিনন্দন জানান ও উপহার প্রদান করেন। বিজ্ঞপ্তি
কেএন