দিরাইয়ের সাবেক কাউন্সিলর প্রদীপ ডিবির হাতে গ্রেপ্তার
প্রকাশিত: ১৬/১১/২০২৬ ০৫:৪৬:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ বি এম মাসুম প্রদীপকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সুনামগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে দিরাই পৌরশহরের দোওজ আবাসিক এলাকার ধল রোডে তাঁর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব আব্দুল কুদ্দুসের বড় ছেলে।
পরিবারের সদস্যদের দাবি, গতরাতে কয়েকজন ব্যক্তি বাসায় গিয়ে নিজেদের থানার লোক পরিচয় দিয়ে দরজায় ডাকাডাকি করেন। দরজা না খোলায় তাঁরা দরজা ভেঙে ভেতরে প্রবেশের হুমকি দেন। পরে দরজা খুলে দিলে কোনো কারণ না জানিয়ে এবং গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়েই প্রদীপকে নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়েও পরিবারের সদস্যরা আগে কিছু জানতেন না বলে দাবি করেন।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আমরা তাঁকে গ্রেপ্তার করিনি। সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জেনেছি।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, প্রায় দুই মাস আগে সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার আসামিকে গত রাতে দিরাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
কেএন



