হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে ১০টি কলম উপহার পেলেন পুলিশ কমিশনার
প্রকাশিত: ১৭/১১/২০২৬ ০৮:১২:০৭ অপরাহ্ন
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনারকে একটি শাড়ি ও ১০টি কলম উপহার দিয়েছেন এক ব্যক্তি। তবে শাড়িটি ফিরিয়ে দিয়ে তাঁর নিজস্ব দোকানের ১০টি কলম গ্রহণ করেন পুলিশ কমিশনার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে হারানো ও চুরি হওয়া ৬০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের কাছ থেকে নিজের হারানো মোবাইল ফোনটি বুঝে পান ওই ব্যক্তি। দীর্ঘদিন পর ফোনটি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ফোন ফিরে পাওয়ার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশে কমিশনারের জন্য শাড়ি ও ১০টি কলম নিয়ে আসেন তিনি। তবে পুলিশ কমিশনার শাড়িটি গ্রহণ না করে শুধু কলমগুলো গ্রহণ করেন।
ওই লোক জানান, মোবাইল ফোনটিতে তাঁর অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও স্মৃতি সংরক্ষিত ছিল। ফোনটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় সেটি ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি। তাই ভালোবাসার নিদর্শন হিসেবে সামান্য উপহার নিয়ে এসেছেন।
এদিকে পুলিশ কমিশনার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং হারানো জিনিস উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া পুলিশের নৈতিক দায়িত্ব। সাধারণ মানুষের এমন ভালোবাসা ও সম্মাননা পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। যেকোনো প্রয়োজনে নির্ভয়ে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বানও জানান তিনি।
পুলিশ জানায়, ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ প্রচেষ্টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে হারানো ও চুরি হওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে পুলিশ কমিশনার আনুষ্ঠানিকভাবে ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এ সময় দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে পুলিশ ও ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের প্রতি কৃতজ্ঞতা জানান মালিকেরা।
কেএন



