জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদ নিয়ে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ, সাংবাদিকের সঙ্গেও মোস্তাক আহমদের সমঝোতা
প্রকাশিত: ১৮/১১/২০২৬ ০৮:৫৪:৫৮ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমামদের সরকারি সম্মানির তালিকাভুক্তি, পরিচালনা কমিটি ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে চলমান বিরোধ নিরসনে মধ্যস্থতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মসজিদের উভয় পক্ষের মধ্যে সমঝোতার স্বার্থে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বৈঠকে সংবাদ প্রকাশের প্রতিক্রিয়ায় সাংবাদিক জুবায়ের আহমদকে হুমকি দেওয়ার অভিযোগ নিয়েও সমঝোতার উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় জকিগঞ্জ ডাকবাংলোয় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মধ্যস্থতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি ইকবাল আহমদ তাপাদার।
বৈঠক সূত্রে জানা গেছে, মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালীর নাম সরকারি সম্মানির তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় উপস্থিত সবাই দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে মসজিদ পরিচালনা কমিটিতে উভয় পক্ষের প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রেখে কমিটি পুনর্গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ছাড়া নির্মাণাধীন মসজিদের উন্নয়নকাজ এগিয়ে নিতে দেশ-বিদেশের মুসল্লি, প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীদের আগের মতো সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
বৈঠক শেষে আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। এ সময় অভিযোগ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে তাঁকে অবহিত করা হয়।
বৈঠকের একপর্যায়ে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক জুবায়ের আহমদের সঙ্গে মসজিদ পরিচালনা কমিটির নির্বাহী সভাপতি মোস্তাক আহমদের মধ্যে সাম্প্রতিক বিরোধ নিয়েও আলোচনা হয়। সংবাদ প্রকাশের প্রতিক্রিয়ায় জুবায়ের আহমদকে হুমকি দেওয়ার যে অভিযোগ উঠেছিল, তা নিয়ে উভয়ের মধ্যে সমঝোতা ও সম্পর্কের উন্নয়নে মধ্যস্থতা করেন ইকবাল আহমদ তাপাদার।
এ সময় সাংবাদিক জুবায়ের আহমদ বলেন, সাংবাদিকেরা দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো পক্ষের হয়ে কাজ করেন না। তাঁরা সত্য অনুসন্ধান করেন এবং প্রাপ্ত তথ্য জাতির সামনে তুলে ধরেন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে কারও ব্যক্তিগত স্বার্থ নয়, জনস্বার্থই প্রাধান্য পায়।
বৈঠকে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, খলাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা মাসুক, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, পৌর আল-ইসলাহর সভাপতি কাজী হিফজুর রহমান, ব্যবসায়ী নজরুল ইসলাম, হাজী এস আলম ছফু, হাজী আব্দুল কাদির, জামায়াত নেতা ইমরান হোসেন, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের নির্বাহী সভাপতি মোস্তাক আহমদ, সহসাধারণ সম্পাদক ও উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, কোষাধ্যক্ষ মোক্তাদির চৌধুরী, পৌর আল-ইসলাহর সহসভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সহসভাপতি মুনিম আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ প্রমুখ।
কেএন



