দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষক জুয়েল রানা আর নেই
প্রকাশিত: ২১/১১/২০২৬ ০৭:১১:০১ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জামালগঞ্জ উপজেলার মাতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল রানা তালুকদার মারা গেছেন। দুর্ঘটনার পর টানা ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, গত ১০ নভেম্বর কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দিরাই উপজেলার সুজানগর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন জুয়েল রানা তালুকদার। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রথমে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
নিহত জুয়েল রানা তালুকদার জামালগঞ্জ উপজেলার মাতারগাঁও গ্রামের সুবোধ চন্দ্র তালুকদারের ছেলে। তিনি দিরাই উপজেলার উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিরাই পৌরসভা শাখার সদস্য মনি রানী রায়ের স্বামী।
তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষক সমাজ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, জুয়েল রানা তালুকদারের মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিরাই পৌরসভা শাখার পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে।
কেএন



