জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশিত: ২২/১১/২০২৬ ০৬:২৯:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বাড়ি থেকে জাহিদ মিয়া জিম্মাদার (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। জাহিদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
আজ রোববার (২২ নভেম্বর) তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জাহিদ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ গ্রামের মৃত হিরন মিয়া জিম্মাদারের ছেলে। গতকাল শনিবার রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে জাহিদের বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ১৩ নভেম্বর শান্তিগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলার সাথে জড়িত সন্দেহে জাহিদকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ বলেন, আসামিকে রোববার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ জুন জাহিদ মিয়া জিম্মাদারকে তার এক ভাগ্নের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন কারাভোগের পর সে জামিনে মুক্তি পায়।
কেএন



