বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, নতুন ফ্যাসিবাদকে জায়গা দেবে না দেশ: মামুনুল হক
প্রকাশিত: ০৬/১২/২০২৫ ০৫:৩৮:০০ অপরাহ্ন
ছবি: ।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আজকে বাংলাদেশে ইতিহাস সৃষ্টির এক দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। বিগত ফ্যাসিবাদী আমলে ১৫ বছর ইসলামপন্থি রাজনৈতিক নেতাকর্মীরা রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন-নিষ্পেষণ, জুলুম–নির্যাতনের শিকার হয়েছে। বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি ক্রীড়নকদের হাতে ইসলামী আন্দোলনের নেতারা নিগৃহীত হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, ফাঁসিকাষ্ঠ বরণ করেছেন, রক্ত দিয়েছেন-কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করেননি।
শনিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি উৎখাত হয়েছে। কিন্তু বিদেশি আধিপত্যবাদী শক্তি আবার নতুনভাবে বাংলাদেশে ক্ষমতার ধারে সওয়ার হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই-জীবন দিয়ে জুলাই যোদ্ধারা যেই ফ্যাসিবাদকে উৎখাত করেছে, বাংলার মাটিতে নতুন কোনো ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে না, ইনশাআল্লাহ।
তিনি বলেন, সমাগত ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয়-এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটেরও নির্বাচন। তাই ৮ দলের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে জনগণকে হাত ব্যালটে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করবেন।
তিনি আরও বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে বাংলাদেশ আজ দুই শিবিরে বিভক্ত। একটি পক্ষ জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায়। তারা মনে করে, বিগত সময়ে বছরের পর বছর একদলীয় শাসন ছিল-আবারও কেউ একদলীয় ব্যবস্থা কায়েম করে সম্পদ লুট করবে, রাজনৈতিক অধিকার দমন করবে। আমরা বলতে চাই, জুলাই সনদের বিপক্ষে যারা ‘না’ বাক্সের জন্য ক্যাম্পেইন করবে-বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।
মামুনুল হক বলেন, ইসলামী জনতা ও ইসলামী রাজনীতিকে রুখে দেওয়ার দেশীয়–আন্তর্জাতিক ষড়যন্ত্র যাদের কাঁধে চড়েছে, তাদের আমরা রাজনৈতিক এজেন্ডা পুনর্বিবেচনার সুপরামর্শ দিচ্ছি।
তিনি আরও বলেন, আমরা সমমনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দেশের প্রতিটি মানুষের কাছে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি-তা দেখে বাংলাদেশবিরোধী শক্তিরা আজ অস্থির হয়ে গেছে। তাই তারা যেকোনোভাবে আগামী নির্বাচনকে বানচাল করার পাঁয়তারা করছে।
তিনি বলেন, পরাজিত ফ্যাসিবাদের সঙ্গে কেউ যদি আঁতাত করে নির্বাচন বানচাল বা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করে-রাজপথে মোকাবিলা করতে হবে। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসবে না, ইনশাআল্লাহ।
মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, মেহনতি মানুষের বাংলাদেশ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার আদায়ের বাংলাদেশ। বৈষম্যহীন, ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে হলে আল–কোরআনের বাংলাদেশ গড়তে হবে।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলে সকল বিভেদ দূর করে ইসলামী শক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আমাদের বিজয় দান করবেন—এই প্রত্যাশা ব্যক্ত করছি।
শুভ প্রতিদিন/এমকে