জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ:
বিয়ের এক মাসের মাথায় প্রাণ গেল তরুণ ফরহাদের
প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০৫:২১:৩২ অপরাহ্ন
সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। মাত্র এক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তরুণের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ উপজেলার বারগাত্তা (মুকামের পাশের বাড়ি) গ্রামের সুফান মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ছোট ভাইকে জকিগঞ্জের সড়কের বাজারে মোটরসাইকেলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ। পথে আটগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ওপর পৌঁছালে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।
স্বজনরা জানান, মাত্র এক মাস আগে বিয়ে করেছিলেন ফরহাদ। সকালে হাসিমুখে বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হলো না তার। সদ্য বিবাহিত তরুণের এই অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, "দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
কেএন