প্রকাশিত

১৬/১১/২০২৬ ০৮:১১:১২ অপরাহ্ন

Advertisement

গণমাধ্যম

সাংবাদিককে হুমকির ঘটনায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা, কঠোর প্রতিবাদের সিদ্ধান্ত

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ০৮:১১:১২ অপরাহ্ন

সাংবাদিককে হুমকির ঘটনায় জকিগঞ্জ  উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা, কঠোর প্রতিবাদের সিদ্ধান্ত

সিলেটের জকিগঞ্জে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক জুবায়ের আহমদকে মুঠোফোনে ‘দেখে নেওয়ার’ হুমকির অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব। এ ঘটনায় জোরালো প্রতিবাদসহ সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় করণীয় নির্ধারণে জরুরি সভা করেছে সংগঠনটি।

সোমবার (১৬ নভেম্বর) বাদ আসর জকিগঞ্জ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা সাংবাদিক জুবায়ের আহমদ। সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাবাজার পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি আহসান হাবীব লায়েকের সঞ্চালনায় সভায় হুমকির ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা বিভিন্ন মতাদর্শের অনুসারী এবং ভিন্ন ভিন্ন গণমাধ্যমে কাজ করলেও সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে তাঁরা ঐক্যবদ্ধ। জনস্বার্থে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া বা ভয়ভীতি প্রদর্শন গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় সংগঠন হিসেবে প্রেসক্লাব নীরব থাকতে পারে না।

নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক জুবায়ের আহমদ একা নন। তিনি জকিগঞ্জে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সংগঠন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি। তাঁর প্রতি হুমকির বিষয়টি সংগঠনের সব সদস্যের পাশাপাশি উপজেলার অন্যান্য গণমাধ্যমকর্মীরাও উদ্বেগের সঙ্গে দেখছেন এবং সংহতি জানিয়েছেন। তাই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে।

সভায় আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহসভাপতি ও জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের জকিগঞ্জ প্রতিনিধি আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ ও জকিগঞ্জের ডাক সম্পাদক তারেক আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং সীমান্ত জার্নালের সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, তথ্যপ্রযুক্তি সম্পাদক ও জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, অফিস সম্পাদক ও জেড টিভির সম্পাদক আব্দুশ শহীদ শাকির এবং সাপ্তাহিক সবুজ প্রান্তের স্টাফ রিপোর্টার উবেদুল্লাহ তালুকদার প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

কেএন

Advertisement
Advertisement
Advertisement